বুড়িচং প্রতিনিধি।।
দেশের অন্যতম বৃহৎ সবজি পাইকারি বাজার নিমসার এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কোটি কোটি টাকার সরকারি জায়গা দখল করে একটি প্রভাবশালী সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এতে করে সরকার প্রতিবছর বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় সওজের প্রায় তিনশ মিটার জায়গা দখল করে শতাধিক অস্থায়ী ঘর নির্মাণ করেছে প্রভাবশালী মহল। এসব ঘর আড়ৎ হিসেবে ব্যবসায়ীদের কাছে অগ্রিম কয়েক লাখ টাকা ও মাসিক ২ থেকে ৬ হাজার টাকা ভাড়ায় দেওয়া হয়।
প্রতিবছর উচ্ছেদের ঘোষণা দিলেও অজ্ঞাত কারণে এসব অভিযান স্থগিত হয়ে যায়। সর্বশেষ ৩০ জুলাই উচ্ছেদের তারিখ নির্ধারণ করা হলেও রাজনৈতিক প্রভাবশালীরা প্রশাসনকে ম্যানেজ করে তা ঠেকিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এভাবে অবৈধ ভাড়া আদায় করলেও সরকারের কোষাগারে কোনো রাজস্ব জমা পড়ে না।
কুমিল্লা সওজের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, “সড়ক ও জনপদের জায়গা দখল করে যারা বাজার কিংবা দোকান গড়ে তুলেছে, তাদের উচ্ছেদে অচিরেই অভিযান পরিচালনা করা হবে।”
কুমিল্লা গেজেট