কুমিল্লা | বঙ্গাব্দ

শহীদ জিয়াউর রহমান সবসময় দেশের ক্রান্তিলগ্নে হাল ধরতেন- সাক্কু

  • প্রকাশের তারিখ : 1-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

হাসিবুল ইসলাম সজিব।। 
কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য মনিরুল হক সাক্কু বলেছেন, “শহীদ জিয়াউর রহমান সবসময় দেশের ক্রান্তিলগ্নে হাল ধরতেন। উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছিলেন, যার মধ্যে খাল খনন প্রকল্প অন্যতম। আমরা জিয়াউর রহমানের দিকনির্দেশনা শুনি নাই বলেই সামান্য বৃষ্টিতেই এখন পানিতে ভাসতে হয়।”

তিনি আরো বলেন, “শহীদ জিয়াউর রহমান মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে সার্ক গঠন করেছিলেন। ভারত এটা মেনে নিতে না পেরে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করে। কিন্তু এরপরও বিএনপি হাল ছাড়েনি। তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া দলের হাল ধরেছেন এবং এখন পর্যন্ত ধরে রেখেছেন।”

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর নানুয়ার দিঘীরপাড় এলাকায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র‌্যালির উদ্বোধনী বক্তব্যে এসব বলেন তিনি।

সাক্কু বলেন, “৫ আগস্ট আল্লাহর একটি নিয়ামত ছিল আমাদের জন্য। এ দিন না হলে আমরা আজ এখানে দাঁড়াতে পারতাম না। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত আমি কুমিল্লা সদরের প্রতিটি ইউনিয়ন ও পাড়া-মহল্লায় তারেক রহমানের বার্তা পৌঁছে দেব। জনগণকে শুধু আহ্বান করব ভোটকেন্দ্রে যেতে এবং যাকে ইচ্ছে ভোট দিতে। আমার কাজ হলো জনগণকে নির্বাচনমুখী করা।”

তিনি আরো বলেন, “সাড়ে চার দশকেরও বেশি রাজনৈতিক পথচলায় বিএনপি কখনো ক্ষমতায় থেকেছে, কখনো আন্দোলনে। দেড়যুগ ধরে নেতাকর্মীরা রাজপথে ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিতে আন্দোলন চালিয়েছে। অবশেষে চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেশ নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে। এবার আমাদের দলের জন্য সর্বোচ্চটা বিলিয়ে দেব।”

পরে, মনিরুল হক সাক্কুর নেতৃত্বে নানুয়ার দিঘীরপাড় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে কুমিল্লা নগরীর ২৭টি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ