কুমিল্লা কারাগারের হত্যা মামলার এক আসামি সোমবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে মা ও নবজাতক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কারাবন্দি ওয়ার্ডে ভর্তি ছিলেন।
সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, ওই আসামি কুমিল্লার তিতাস উপজেলার বাসিন্দা। গত ১১ আগস্ট তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়। সোমবার সকালে প্রসব ব্যথা অনুভব করলে তাকে জরুরি ভিত্তিতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা জানালে পরিবারে সঙ্গে যোগাযোগ না হওয়ায় জেলা কারাগার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনুমতি দেন।
অস্ত্রোপচারের মাধ্যমে দুপুরে তিনি কন্যা সন্তান জন্ম দেন। জেল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে মা ও শিশুর চিকিৎসাসেবা, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। মা ও নবজাতক সুস্থ আছেন।
জেল সুপার হালিমা খাতুন বলেন, “মায়ের ও শিশুর সুস্থতা নিশ্চিত করতে প্রতিটি পদক্ষেপ নেওয়া হয়েছে। কারাবন্দিদের জন্য চিকিৎসা এবং নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না।”
কুমিল্লা গেজেট