কুমিল্লা | বঙ্গাব্দ

খালেদা জিয়ার সম্মানে ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা উচিত: বরকত উল্লাহ বুলু

  • প্রকাশের তারিখ : 16-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

বরুড়া প্রতিনিধি।।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, “বেগম খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে ড. ইউনুসের পক্ষে ৪০ মিনিট বক্তব্য রেখেছিলেন। তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যদি ডিসেম্বরে নির্বাচন হয় তবে তিনি অংশগ্রহণ করবেন। তাই প্রধান উপদেষ্টার উচিত খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে ডিসেম্বরেই নির্বাচন আয়োজন করা।”

শনিবার (১৬ আগস্ট) বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুলু বলেন, “সংস্কারের নাম করে কেউ কেউ নির্বাচন বিলম্বিত করতে চায়। তাদের বলছি— নির্বাচিত সরকার ছাড়া দেশে এক ডলারও বিদেশি বিনিয়োগ আসবে না, আইনশৃঙ্খলা উন্নত হবে না, মব সন্ত্রাস ও হত্যাযজ্ঞ বন্ধ হবে না। সুতরাং প্রধান উপদেষ্টা ড. ইউনুসের উচিত খালেদা জিয়ার প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণা করা।”

তিনি আরও অভিযোগ করে বলেন, “শেখ হাসিনার বাংলাদেশ থেকে ৩০ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। বিএনপি নির্বাচিত হলে সেই টাকা দেশে ফেরত আনা হবে। এজন্য একটি সুষ্ঠু নির্বাচন দ্রুত প্রয়োজন।”

সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “সেদিন সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছিল। হাসিনা চেয়েছিল সেনাবাহিনীর গুলিতে জনস্রোত রক্তাক্ত হোক। কিন্তু গর্বের সেনাবাহিনী তা হতে দেয়নি। সেনাবাহিনী যদি জনগণের পাশে না দাঁড়াতো তবে লাখ লাখ মানুষের মৃত্যু হতো। এ কারণেই ফ্যাসিস্ট হাসিনা তার মাতৃভূমিতে ফিরে গেছে।”

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ