তৌহিদ হোসেন সরকার।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫ নং পাঁচথুবী ইউনিয়নে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫:৩০ মিনিটে ইডাল্লা মাদ্রাসায় এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল কাদের। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি সাইফ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। এছাড়া ইউনিয়নের নায়েবে আমীর, অফিস ও বায়তুলমাল সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য ইসলামভিত্তিক ন্যায় ও ইনসাফের সমাজব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই। আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে আমরা দুর্নীতি ও অন্যায়মুক্ত একটি সোনার বাংলাদেশ গড়ে তুলবো।”
ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল কাদের বলেন, “যারা দেশের সম্পদ লুট করেছে, তাদের বিচার একদিন হবেই। জামায়াত জনগণের সঙ্গে আছে এবং থাকবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।”
এছাড়া নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গত ৮ জুলাই শিবির বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ পরিচালনা করা হয়েছিল। শুক্রবার বৃষ্টি সত্ত্বেও স্থানীয় নেতাকর্মী ও ব্যবসায়ীরা শুভেচ্ছা বিনিময় ও নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করেন।
পাঁচথুবী ইউনিয়নের জনগণ প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করছে এবং ইতোমধ্যে এলাকাবাসীর সঙ্গে সমন্বয় করে ব্যাপক নির্বাচনী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
কুমিল্লা গেজেট