কুমিল্লা | বঙ্গাব্দ

বিগত ৪টি নির্বাচনে দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি — ডা. এ জেড এম জাহিদ হোসেন

  • প্রকাশের তারিখ : 6-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিগত চারটি নির্বাচনে বাংলাদেশের মানুষ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষ বুকভরা আশা নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। আমরা আশা করছি, ইনশাআল্লাহ প্রধান উপদেষ্টার ঘোষণা দ্রুত বাস্তবায়িত হবে।

বুধবার দুপুরে কুমিল্লা মহানগর, দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র‌্যালির পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই র‌্যালি আয়োজন করা হয় জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে।

প্রধান উপদেষ্টার ঘোষিত ২৮ দফা প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, “তিনি যে ২৮ দফা ঘোষণা দিয়েছেন, বিএনপির অনেক আপত্তি থাকা সত্ত্বেও বৃহত্তর স্বার্থে আমরা তা সাধুবাদ জানিয়েছি।” তিনি বিভিন্ন রাজনৈতিক দলকে উদ্দেশ করে বলেন, “আপনারা যারা বিএনপিকে নিয়ে সমালোচনা করেন, তাদের অনুরোধ করব—রাজনীতির মাঠে আসুন, নিজেদের কর্মসূচি তুলে ধরুন। আমাদের ৩১ দফা আছে, আপনাদের যা আছে তা নিয়ে জনগণের পাশে আসুন।”

তিনি আরও বলেন, “জনগণের রায়ের প্রতি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। মনে রাখবেন, শেষ বিচারে জনগণ সঠিক রায় দেবে, আর জনগণ কখনো ষড়যন্ত্রের কাছে পরাজিত হয় না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথি ছিলেন হাজী আমিন-উর রশিদ ইয়াছিন। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান ভূঁইয়া, সদস্য সচিব এএফএম তারেক মুনসিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে বিজয় র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ