কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের নেতৃত্বে বরুড়ায় বিএনপির একটি বিশাল গণমিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ আগস্ট) সকাল ১০টা থেকে বরুড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর সদর বাজারে এই কর্মসূচি শুরু হয়।
উপজেলার ১৫টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। গণমিছিলে অংশ নেয় দশ হাজারেরও বেশি বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।
বেলা ১১টা ১০ মিনিটে জাকারিয়া তাহের সুমনের নেতৃত্বে একটি বিশাল মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে কলেজ রোড, জিরো পয়েন্ট, হাসপাতাল সড়ক ঘুরে পুনরায় জিরো পয়েন্টে এসে গণজমায়েতে মিলিত হয়। মিছিলের অগ্রভাগ যখন জিরো পয়েন্টে পৌঁছায়, তখনও পেছনের অংশ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিল—এতে মিছিলের বিশালত্ব স্পষ্টভাবে বোঝা যায়।
জমায়েতে দোতলা ভবনের একটি বারান্দা থেকে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন,
> “আজ ফ্যাসিস্ট সরকারের পতনের এক বছর পূর্তি। আজকের এই বিশাল জমায়েত প্রমাণ করে, বরুড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাঁটি। রুদ্রবৃষ্টি কিংবা অন্য কোনো বাধা আপনাদের দমাতে পারেনি। দল যদি শক্তিশালী হয়, ব্যক্তি হিসেবে আপনিও শক্তিশালী হবেন।”
তিনি আরও বলেন, “আল্লাহ যদি কবুল করেন এবং আমি আপনাদের ভোটে নির্বাচিত হই, তাহলে বরুড়াকে একটি আদর্শ, শান্তিপূর্ণ, মাদকমুক্ত ও চাঁদামুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলব। সকল ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করবে—বরুড়া হবে একটি মডেল উপজেলা।”
গণজমায়েতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কায়সার আলম সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, পৌর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সদস্য সচিব মো. মফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কবির পাটোয়ারী, শাহ আলম, মোয়াজ্জেম হোসেন কল্লোল, নুরুল ইসলাম নূরু, আবদুল হকসহ আরও অনেক নেতা।
কুমিল্লা গেজেট