মুরাদনগরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লা জেলা পুলিশের সব ধরণের ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন কুমিল্লার সাংবাদিকরা। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভা থেকে এই ঘোষণা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক। তিনি বলেন, “সাংবাদিকরা কারও দলীয় কর্মী নয়। সংবাদ কাভার করতে গিয়ে হামলার শিকার হওয়া বরদাশত করা হবে না। যতদিন না হামলাকারীদের গ্রেফতার করা হবে, ততদিন আমরা পুলিশের কোনো ইতিবাচক সংবাদ প্রচার করবো না।”
তিনি আরও জানান, প্রেস ক্লাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হচ্ছে এবং সেই মামলা ক্লাব থেকেই পরিচালনা করা হবে।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
হামলার ভিডিও ভাইরাল, দেশজুড়ে ক্ষোভ
এর আগে, বুধবার (৩০ জুলাই) মুরাদনগরে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফ ও এসএ টিভির ভিডিও জার্নালিস্ট বাপ্পীসহ একাধিক সাংবাদিক হামলার শিকার হন। একজন ব্যক্তিকে লোহার রড দিয়ে মারুফকে আঘাত করতে দেখা যায় এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।
আহতদের মধ্যে রয়েছেন দেশ টিভির প্রতিনিধি সুমন কবীর, খোলা কাগজের প্রতিনিধি ইমরান হোসেন, এশিয়ান টিভির মাহফুজ আনোয়ার সৌরভ, বার্তা২৪ এর আবু নাসের মঈন খান এবং পূর্বাসা পত্রিকার হাবিবুর রহমান মুন্না।
প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা রাজনৈতিক দলের নেতাদের সতর্ক করে বলেন, “আপনাদের উগ্র নেতাকর্মীরা সাংবাদিকদের বারবার ইঙ্গিত করছে, হুমকি দিচ্ছে। এখনই তাদের নিয়ন্ত্রণে আনুন, নয়তো ভবিষ্যতে আপনারা সংবাদ বর্জনের মুখোমুখি হবেন।”
কুমিল্লা প্রতিনিধি