কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় বিএনপি নেতাদের মুক্তি না দিলে বাস চলাচল বন্ধের হুমকি

  • প্রকাশের তারিখ : 29-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

আল-আমিন কিবরিয়া।।
কুমিল্লার মুরাদনগরে বিএনপি নেতাকর্মী ও পরিবহন শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল প্রকার দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখে কোম্পানিগঞ্জ পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ ও শ্রমিক ইউনিয়ন।

দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। বক্তারা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি না দিলে আরো তীব্র আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। যাত্রী দুর্ভোগ বিবেচনায় সড়ক খোলা রেখে সিএনজি ও হালকা যান চলাচল স্বাভাবিক রাখা হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, কোম্পানিগঞ্জ শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক হাজী ইদ্রিস, জেলা শ্রমিক দল নেতা মো. জাকির হোসেন বিএসএস, বাবুল সরকার, জেলা কৃষকদল নেতা জাকির হোসেন, নবীপুর পূর্ব ইউনিয়ন যুবদল সভাপতি মাইনুদ্দিন, যুবদল নেতা ওয়াশিম ও স্বেচ্ছাসেবক দল নেতা মো. শফিকুল ইসলাম।

উল্লেখ্য, গত ২৫ মার্চ মুরাদনগর থানায় হামলা এবং ছাত্র সমন্বয়ক ওবায়দুল হকের উপর হামলার অভিযোগে বিএনপির উপজেলা আহ্বায়কসহ ৩২ জনের বিরুদ্ধে দুটি মামলা করে পুলিশ ও মামলার বাদী আসিফ মাহমুদ সজিবের আত্মীয়। মামলায় আরও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এ ঘটনায় ৬ জন গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পায় এবং বাকিরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নেয়। পরে ২৭ জুলাই কুমিল্লা দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে ভারপ্রাপ্ত বিচারক আবেদা খাতুন তা নামঞ্জুর করে উপজেলা বিএনপি ও যুবদলের ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠান। এরপর থেকেই এলাকায় বিএনপি, শ্রমিক সংগঠন ও সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

প্রতিবাদকারীরা দাবি করেন, অবিলম্বে সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি না হলে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে পরিবহন ধর্মঘট আরও বিস্তৃত করা হবে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ