কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লার ফুলতলীতে প্রবাসী সংগঠনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশের তারিখ : 29-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

আল-আমিন কিবরিয়া।। 
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফুলতলী গ্রামে অনুষ্ঠিত হয়েছে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। সোমবার (২৮ জুলাই) বিকেলে সামাজিক সংগঠন ফুলতলী প্রবাসী কল্যাণ সংস্থা এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীসহ কৃতিদের সংবর্ধনা প্রদান করে।

অনুষ্ঠানটি ফুলতলী উচ্চ বিদ্যালয় মাঠে হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান। তিনি এমন আয়োজনে মুগ্ধতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের শুভেচ্ছা ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মাসুদ হাসান, দেবিদ্বার প্রেসক্লাব সভাপতি সৈয়দ খলিলুর রহমান, ফুলতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল করিম, এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস শাহনাজ চৌধুরী, ফুলতলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সালাম এবং সমাজসেবক মো. হাসেম মিয়াজী প্রমুখ।

বক্তারা বলেন, এই আয়োজন শুধু সংবর্ধনা নয়, এটি আগামী দিনের প্রজন্মকে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে একটি শিক্ষাবান্ধব সমাজ গড়ার দিকেই অগ্রসর হচ্ছে ফুলতলী প্রবাসী কল্যাণ সংস্থা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ