নিজস্ব প্রতিবেদক।।
মানবতার সেবায় কাজ করে যাচ্ছে রংতুলি ব্লাড ফাউন্ডেশন। বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালনার মাধ্যমে সংগঠনটি ইতিমধ্যেই দেশব্যাপী প্রশংসা কুড়িয়েছে। কুমিল্লায় সম্প্রতি সংগঠনটির উদ্যোগে অর্ধশতাধিক ব্যাগ রক্ত অসুস্থ রোগীদের মাঝে সরবরাহ করা হয়েছে।
রংতুলি ব্লাড ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয় নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়ায় অবস্থিত। ২০২১ সালের ১৫ জানুয়ারি পথচলা শুরু করা সংগঠনটি বর্তমানে দেশের বিভিন্ন জেলায় কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে বেশ কয়েকটি জেলা কমিটিও গঠন করা হয়েছে।
তিন মাস আগে রংতুলির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক হাসান মাহমুদের নেতৃত্বে কুমিল্লা জেলা শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কুমিল্লার একঝাঁক উদ্যমী তরুণের অংশগ্রহণে জেলার বিভিন্ন এলাকায় রক্তদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে রক্তদানের গুরুত্ব ও সামাজিক দায়িত্ববোধ বাড়াতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
সংগঠনটির অন্যতম দুটি প্রেরণামূলক স্লোগান, “রক্ত দিবো হেঁসে হেঁসে, মানবতা বেঁচে আছে”, “রংতুলি পরিবারের আহ্বান- অসহায়ত্বের করবো সেবা দান”
রংতুলি ব্লাড ফাউন্ডেশনের কুমিল্লা জেলা পরিচালকরা জানিয়েছেন, এই কার্যক্রম চলমান থাকবে এবং আগামীতে আরও বড় পরিসরে রক্তদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
কুমিল্লা গেজেট