সারাদেশের মতো কুমিল্লাতেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ করেছে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে নগরীর কান্দিরপাড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেয় সহস্রাধিক নেতাকর্মী। এ সময় ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘আ.লীগ গেছে দিল্লিতে, জামায়াত যাবে পিণ্ডিতে’—এই ধরনের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে নগরী।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক গাজী সুলতান জুয়েল। আরও বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিন, সদস্য সচিব আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আবদুল্লাহ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ফারুক।
বক্তারা বলেন, “জামায়াত ইসলামী তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রমূলক অপপ্রচার করছে। যারা ইসলাম ও স্বাধীনতার নামে ব্যবসা করে, তাদের এই দেশে ঠাঁই নেই।”
তারা আরও বলেন, “দেশের প্রয়োজনে কোনো আপোষ নয়। জামায়াত-শিবির চাইলে পাকিস্তান এম্বাসির সঙ্গে যোগাযোগ করতে পারে। নির্বাচনের পর তাদের এই দেশে থাকার অধিকার নিয়েই প্রশ্ন থাকবে। দরকার হলে তাদের জন্য আলাদা ক্যাম্প করা হবে।”
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দেশে স্বাধীনতা বিরোধী, মব সৃষ্টিকারী এবং সংঘাতমূলক রাজনীতির চেষ্টাকারীদের কোনো স্থান নেই। কুমিল্লায় জামায়াত-শিবিরের রাজনীতি চলতে দেওয়া হবে না।”
সমাবেশে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
কুমিল্লা গেজেট