কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের ৩০৭ নম্বর কক্ষ থেকে গাঁজা ও ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে হল প্রশাসন। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হল প্রভোস্টের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব জব্দ করা হয়।
এর আগে রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হলে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় কক্ষে অবস্থানরত তিন শিক্ষার্থীর আচরণে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করে ডোপ টেস্টের জন্য পাঠানো হয়।
অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন:রবিউল আওয়াল রবিন, কক্ষ ৩০৭-এর আবাসিক শিক্ষার্থী, সবুজ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী – উভয়েই ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সাইদ উদ্দিন আহমেদ (আনাছ), ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী, যিনি পূর্বে মাদক গ্রহণের অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত।
প্রত্যক্ষদর্শীরা জানান, হল প্রভোস্ট প্রথমে তাদের তল্লাশি করে কিছু না পেলেও আচরণে অসংলগ্নতা থাকায় পরে ওই কক্ষে পুনরায় তল্লাশি চালান। তখন টেবিলের ড্রয়ার থেকে গাঁজা এবং ব্যবহৃত বুলেট পাওয়া যায়।
অভিযুক্ত রবিন দাবি করেন, “আমরা মাদক সেবনের সাথে জড়িত নই। সেমিস্টার পরীক্ষা সামনে, তাই বন্ধুর সঙ্গে মিলে পড়ছিলাম। আমাদের ডোপ টেস্টে পাঠানোর সময় অন্য কেউ কক্ষে মাদক রেখে যেতে পারে।”
তবে হল প্রভোস্ট মো. হারুন অস্বীকার করে বলেন, “প্রথমবার সরাসরি মাদক না পেলেও তাদের আচরণ ছিল সন্দেহজনক। পরে কক্ষে গিয়ে আমি নিজেই তল্লাশি চালিয়ে ড্রয়ার থেকে গাঁজা উদ্ধার করি। এ ছাড়া ব্যবহৃত বুলেটও পাওয়া গেছে।”
তিনি আরও জানান, অভিযুক্তদের রুম তালা লাগিয়ে সিলগালা করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য প্রক্টরিয়াল বডির কাছে পাঠানো হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী সিদ্ধান্ত নেবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরবর্তী পদক্ষেপের জন্য শিক্ষার্থীরা এখন অপেক্ষায় রয়েছে। এদিকে, ঘটনাটি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কুমিল্লা গেজেট